আজ- শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এসব অভিযানে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরের শাহমখদুম, চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা এবং এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি এসব অভিযান চালায়।

শাহমখুদম থানা পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিরশিন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাদুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

চন্দ্রিমা থানা পুলিশ রাত সাড়ে ১০টার দিকে জামালপুর গ্রামের ওলি বাবার মাজার এলাকায় অভিযান চালিয়ে মোছা. মাহমুদা আকতার (২৬) ও রাকাইন ইসলাম রানা (৩৪)কে গ্রেপ্তার করে। মাহমুদার কাছ থেকে ২৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রানা দীর্ঘদিন ধরে মাহমুদার সহযোগী হিসেবে মাদক ব্যবসা করে আসছিলেন।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে ছোটবনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে সোয়েব আকতার বিশাল (৩১) নামের আরেকজনকে গ্রেপ্তার করে চন্দ্রিমা থানা পুলিশ। তাঁর কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, তাঁর বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানা ও চন্দ্রিমা থানায় পৃথক অভিযোগ রয়েছে।

এদিকে রাত ৮টার দিকে এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি পাকুড়িয়া স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. ইনতাজুল (৫৫)কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ি স্থানীয় লোকজনের সহযোগিতায় লেকসিটি এলাকায় অভিযান চালিয়ে মো. শাওন (১৯) ও মো. খোরশেদ আলম (৩৬)কে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ১ হাজার ৯১০ টাকা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।

আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: