
নিজস্ব প্রতিবেদক:
এসএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো, সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এসএসসি পরীক্ষায় A+ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পুলিশ কমিশনার বলেন, এসএসসি পরীক্ষা জীবনের ভবিষ্যৎ গড়ার প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। এরপর এইচএসসিতে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে উচ্চশিক্ষা ও সফল ক্যারিয়ারের পথ আরও সুগম হয়। কোনো অসদুপায় অবলম্বন না করে নিজেদের মেধা, পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমে শিক্ষার্থীরা যে ফলাফল অর্জন করেছে, তা অত্যন্ত গর্বের ও আনন্দের।
তিনি বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে শুধু ভালো ফলাফল বা জিপিএ অর্জন করাই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। ভালো মানুষ, সৎ, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের ভালো সঙ্গ বেছে নেওয়ার পরামর্শ দিয়ে পুলিশ কমিশনার বলেন, অসৎ ও নেতিবাচক সঙ্গ থেকে দূরে থাকতে হবে। জীবনের প্রথম ২৫ বছর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও পড়াশোনায় মনোযোগী হলে ভবিষ্যৎ জীবন সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় হবে। এ সময়টি আরাম-আয়েশে কাটালে ভবিষ্যতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হবে।
তিনি শিক্ষার্থীদের মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ মেনে চলা এবং জীবনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
সুস্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি সময়মতো খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুম ও নিয়মতান্ত্রিক জীবনযাপনের পরামর্শ দেন। অতিরিক্ত রাত জেগে পড়াশোনা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পরিহারের পাশাপাশি ভেজাল খাবার, অতিরিক্ত ফাস্টফুড, চিনি, পরিশোধিত ময়দাজাত খাবার ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
পুলিশ কমিশনার আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষক ও বড়দের যথাযথ সম্মান, ছোটদের প্রতি স্নেহ এবং সামাজিক শিষ্টাচার ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলিতে নিজেদের সমৃদ্ধ করে ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইয়াকুব আলী।
এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদ এবং উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, কৃতী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় A+ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
