
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. দুলাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পোতাজিয়া গ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ও যুব সংঘ ক্লাবের মার্কেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুলাল উদ্দিনকে তল্লাশি করা হয়। এ সময় তার লুঙ্গির কোঁচ থেকে একটি সিগারেটের খালি প্যাকেটে রাখা ৫০ পিস (৫ গ্রাম) অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
