
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় একটি বাসের লকার থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। এ ঘটনায় মো. মহিউদ্দিন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৫-এর সিপিএসসি জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সিলেট থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাসে করে গাঁজা পরিবহনের খবর পেয়ে রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজার এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব।
এ সময় ‘SAMY JONY’ নামের একটি বাসকে থামার সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন মহিউদ্দিন। পরে র্যাবের সদস্যরা তাকে বাসের ভেতর থেকে আটক করেন।
র্যাবের ভাষ্য, জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন গাঁজা পরিবহনের কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে, বাসের বাম পাশের লকারে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মহিউদ্দিন হবিগঞ্জের মাধবপুর থানার নোয়াপাড়া এলাকার মো. হবিবুর রহমানের ছেলে।
এ ঘটনায় মহিউদ্দিনের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
