
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর রানীনগরে অবস্থিত সিটি হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন তাঁকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান। পরিদর্শনের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, বিভিন্ন ল্যাব, ওয়ার্ড, কেবিন ও অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম ও চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, রাসিক প্রশাসক তাঁকে হাসপাতালটি পরিদর্শনে নিয়ে এসেছেন। হাসপাতালটি আয়তনে বড় হলেও ভবনটি অনেক পুরোনো। বিগত দিনে অযত্ন ও অবহেলার কারণে এখানে যথাযথ স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এ অঞ্চলের একজন জনপ্রিয় নেতা। তিনি ইতোমধ্যে মানুষের প্রতি তাঁর দরদ ও ভালোবাসার প্রমাণ দিয়েছেন। এই হাসপাতালকে ঘিরে তাঁর অনেক স্বপ্ন ও বড় পরিকল্পনা রয়েছে। তাঁর পরিকল্পনাগুলো বাস্তবসম্মত বলে মনে হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, রাসিক প্রশাসকের নেতৃত্বে এখানে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা সম্ভব হলে তা রাজশাহীবাসীর জন্য অত্যন্ত উপকারী হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাসপাতালটির উন্নয়নে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেও সহযোগিতা করা হবে। হাসপাতালটিকে রাজশাহীর অন্যতম প্রধান হাসপাতালে পরিণত করার সম্ভাবনা রয়েছে।
এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বিএনপি সরকারের অবদান থাকায় বিগত সরকারের আমলে হাসপাতালটির কোনো উন্নয়ন হয়নি। সিটি হাসপাতালকে অত্যাধুনিক হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে হাসপাতালটির আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
রাসিক প্রশাসক বলেন, রাজশাহী নগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য, স্বাস্থ্যকর ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। এ কাজে তিনি নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু এবং সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বনি উপস্থিত ছিলেন। এ ছাড়া হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মুঈদুর রহমান মঈদ, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আফরোজ, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির মো. লিটন এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রজুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
