
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর মোহনপুরে রংয়ের দোকানে অভিযান চালিয়ে ১০৬ গ্রাম হেরোইনসহ মো. মিনহাজ হোসেন মিলন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে উপজেলার গোছা বাজারের হাজি মার্কেটে তাঁর রংয়ের দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১০৬ গ্রাম হেরোইন ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার মিনহাজ হোসেন মিলন মো. মিজানুর রহমানের ছেলে। তাঁর বাড়ি মোহনপুর উপজেলার গোছা গ্রামে।
পরে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
