
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডের কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় নবনির্মিত প্রধান ফটক ও ইউনিব্লক সড়কের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে তিনি এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন। এ সময় প্রধান ফটকের পাশে একটি গাছের চারাও রোপণ করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার বাসিন্দারা তাঁর কাছে প্রায় ১৬টি দাবি জানিয়েছিলেন। এর মধ্যে প্রধান ফটক ও সড়ক নির্মাণ, আলোকায়নসহ প্রায় ১৪টি দাবি বাস্তবায়ন করা হয়েছে। বাকি দাবিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
রাসিক সূত্রে জানা গেছে, মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডের কলিমনগর সেন্ট লুইসপাড়া ও কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক নির্মাণ এবং ফটক থেকে পবিত্র পরিবার ক্যাথলিক গির্জার সীমানাপ্রাচীর পর্যন্ত ইউনিব্লক সড়ক নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন ও নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা, উপসহকারী প্রকৌশলী সানোয়ার ইসলাম ছবি, পবিত্র পরিবার ক্যাথলিক গির্জার পালপুরোহিত ফাদার লিটন কস্তা এবং গ্রামপ্রধান রাফায়েল মুর্মু, মাইকেল মারান্ডি ও মঞ্জু বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মো. রনি হোসেন রাহুল, মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদিকা বীথী মনি ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার পারভেজ রকিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান ফটক নির্মাণ, সড়ক উন্নয়ন ও আলোকায়নসহ বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়ন করায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এলাকার বাসিন্দারা। এসব উন্নয়নকাজের ফলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং মানুষের চলাচল আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
