
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা, গাঁজা ও নেশাজাতীয় সিরাপসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া পুলিশের অভিযানের সময় দুই ব্যক্তি পালিয়ে যান। তাঁদের ফেলে যাওয়া নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রাজপাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি পূর্ব রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল হোসেন (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রজব আলী (৩২) নামের আরেক ব্যক্তি পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানায় ১১টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই দিন রাত ৮টার দিকে রাজপাড়া থানার শ্রীরামপুর নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে কামাল আলী ওরফে হাবিল (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭৫০ টাকা জব্দ করা হয়।
অন্যদিকে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে মতিয়ার রহমান মতি (৫৫) ও শফিকুল ইসলাম (৫৪) নামের দুজনকে গ্রেপ্তার করে। এ সময় মতির কাছ থেকে ২৬১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শফিকুলের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া ১৫ অক্টোবর দামকুড়া থানার বেড়পাড়া এলাকায় পুলিশের অভিযানের সময় সুমন আলী (২৭) নামের এক ব্যক্তি পালিয়ে যান। পরে তাঁর ফেলে যাওয়া ছয় বোতল ব্রনকফ-সি, দুই বোতল মোনোড্রিল ও তিন বোতল ফেয়ারড্রিল সিরাপ উদ্ধার করা হয়।
আরএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
