
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশের ফুলগাছের ভেতর থেকে দুটি গ্রেনেড উদ্ধারের ঘটনায় বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এক পথচারীর নজরে আসে বস্তু দুটি। পরে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করেন।
গ্রেনেড উদ্ধারের সময় বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে বিমানবন্দরের প্রধান ফটকের পরিবর্তে পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের মধ্যে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখে এক পথচারী এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে যাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প হিসেবে বিমানবন্দরের মসজিদ গেট খুলে দেওয়া হয়।
উদ্ধার করা বস্তু দুটি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
তিনি বলেন, বস্তু দুটি সেখানে কারা এবং কী উদ্দেশ্যে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর বিমানবন্দর এলাকায় নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।
