
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারি ও চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গাঁজাসহ একজনকেও গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে আরএমপির বেলপুকুর, কাটাখালী, মতিহার, কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা-পুলিশ এসব অভিযান চালায়। এর মধ্যে একটি অভিযান আগের দিন ৯ নভেম্বর রাতে পরিচালিত হয়।
পুলিশ জানায়, ১০ নভেম্বর রাত ১০টার দিকে বেলপুকুর থানার উত্তর কাজিপাড়া গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মো. নাজমুল (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি পেনাল কোড আইনে এবং চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে।
একই দিন সকাল পৌনে ৭টার দিকে কাটাখালী থানার কাপাসিয়ার চৌমহনী চৌরাস্তার মোড়ে অভিযান চালিয়ে মো. ছাদেক আলী (৪৯) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে ৯ নভেম্বর রাত পৌনে ১২টার দিকে মতিহার থানার ধরমপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলী হাসান মো. মুজাহিদ (২০) ও মোহাম্মদ এজাজুল (৪০) নামের দুজনকে ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এ ছাড়া ১০ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে কাশিয়াডাঙ্গা থানার মোড়ে অভিযান চালিয়ে মো. আরাফাত হোসেন (১৯) নামের এক তরুণকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। একই দিন সকাল পৌনে ১০টার দিকে বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে মো. জুবায়ের হোসেন ওহি (২১) নামের আরেক তরুণকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
