
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীতে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত রেখেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) মহানগরীর ১৩, ২০ ও ২২ নম্বর ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হয়। এর আগে গত ১০ নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী, নগরীর স্ল্যাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল ও ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য প্রজননস্থলে কীটনাশক স্প্রে করা হচ্ছে। পাশাপাশি সরকারি ও আধা-সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতেও নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে রাসিক প্রশাসকের এ উদ্যোগ প্রশংসনীয়। এমন জনবান্ধব কার্যক্রম নিয়মিত ও ধারাবাহিকভাবে চালু রাখার প্রত্যাশা করেন তিনি।
২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শান্তু কুমার বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম সময়োপযোগী উদ্যোগ। বিশেষ করে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় এ কার্যক্রম নগরবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
এ বিষয়ে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গতকাল থেকে নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম আবারও শুরু হয়েছে। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
এ সময় রাসিকের পরিচ্ছন্ন বিভাগ ও মশক শাখার কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিবসহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
