
নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র অঞ্চলে এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণ, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তরুণদের উদ্যোগ গ্রহণ এবং জাতীয় কৃষিনীতিতে এগ্রোইকোলজিকে গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর গ্রামের প্রায় ৫০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বটবৃক্ষের ছায়াতলে অনুষ্ঠিত হয়েছে ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ২০২৬’। বারসিক, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গ্রিন কোয়ালিশনের যৌথ আয়োজনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘শিকড়ে আমাদের পরিচয়, তারুণ্যের প্রত্যয়ে এগ্রোইকোলজি’ স্লোগানে সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বরেন্দ্র অঞ্চলে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তারুণ্যের ভূমিকা’।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারসিকের নৃবিজ্ঞানী ও আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও সম্মেলনের আহ্বায়ক আতিকুর রহমান আতিক। আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস, গ্রিন কোয়ালিশনের সভাপতি রহিমা খাতুন, রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক জুয়েল কিবরিয়াসহ কৃষক ও পরিবেশকর্মীরা।
সম্মেলনে যুব সংলাপে তরুণ প্রতিনিধিরা বলেন, বরেন্দ্র অঞ্চলের খরা, পানিসংকট, মাটির স্বাস্থ্য ও প্রাণবৈচিত্র্যের সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির চর্চা বাড়াতে হবে। এ জন্য তরুণদের নিজস্ব উদ্যোগের পাশাপাশি কৃষিনীতি প্রণয়ন ও বাস্তবায়নে এগ্রোইকোলজিকে গুরুত্ব দিতে হবে।
এ সময় পবার যুব কৃষক হৃদয় খান রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই ৫৫ শতক জমিতে পেয়ারা বাগান গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরেন। অন্য কৃষক-কৃষাণীরাও পরিবেশবান্ধব কৃষি, দেশি বীজ সংরক্ষণ ও কৃষি উদ্ভাবনের অভিজ্ঞতা বিনিময় করেন।
কৃষি ও পরিবেশ সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে ১৮ জন যুব কৃষক-কৃষাণীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় বীজ, কৃষিপণ্য, কৃষি উদ্ভাবন, শতাধিক জাতের ধান এবং দেশি ও অচাষকৃত শাক-লতাপাতার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আলোচকরা বলেন, এগ্রোইকোলজি শুধু কৃষি উৎপাদন পদ্ধতি নয়; এটি প্রকৃতি, সংস্কৃতি, স্থানীয় জ্ঞান ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক জীবনব্যবস্থা। সম্মেলন শেষে বরেন্দ্র অঞ্চলের কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন তরুণরা।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে বরেন্দ্র যুব সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
