
রাজীব আলী রাতুল,রাজশাহী:
এক হাতে পুলিশের দায়িত্ব, অন্য হাতে কবিতার খাতা। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার পেশাগত ব্যস্ততার মাঝেও শব্দের ভুবনে বিচরণ করছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ ইন্সপেক্টর শাহনুর আলম। দায়িত্বের কঠোরতার পাশাপাশি তাঁর ভেতরে রয়েছে এক সৃজনশীল কবিসত্তা। সেই কবিসত্তারই পরিচয় বহন করছে তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থ—‘বুনো পায়রা’ ও ‘প্রেমানন্দিতা’।
সম্প্রতি নিজের লেখা কাব্যগ্রন্থ দুটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএমের হাতে উপহার হিসেবে তুলে দেন ইন্সপেক্টর শাহনুর আলম। একজন পুলিশ কর্মকর্তার সাহিত্যচর্চার এই ব্যতিক্রমী উদ্যোগ নজর কেড়েছে।
পেশাগত দায়িত্ব পালনে প্রতিদিনই নানা ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটে তাঁর। আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি সেবার দায়িত্ব সামলেও সাহিত্যচর্চার প্রতি ভালোবাসা থেকে নিয়মিত লিখে চলেছেন তিনি। তাঁর প্রকাশিত দুটি কাব্যগ্রন্থের পর এবার নতুন বই প্রকাশের প্রস্তুতিও চলছে। খুব শিগগিরই পাঠকের হাতে আসছে তাঁর আরও একটি নতুন কাব্যগ্রন্থ।
কাব্যগ্রন্থ দুটি উপহার পেয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ইন্সপেক্টর শাহনুর আলমের এই সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত থাকা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ সময় তিনি আরএমপি পরিবারের পক্ষ থেকে তাঁর সাহিত্যচর্চার ধারাবাহিকতা ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
পুলিশের পোশাকের আড়ালে যে একজন কবি ও সাহিত্যপ্রেমী মানুষও বসবাস করেন, শাহনুর আলমের সাহিত্যচর্চা যেন তারই এক সুন্দর উদাহরণ। দায়িত্বের পাশাপাশি সৃজনশীলতার এই পথচলা তাঁর কর্মজীবনে যোগ করেছে ভিন্ন এক মাত্রা।
