
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নতুন কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় নগরীর ভদ্রা জামালপুর এলাকায় মাজার গেটের বিপরীতে সমিতির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। পরে শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় সমিতির নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।
উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান কার্যক্রম চালু হয়েছে। সরকারের এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নগরীতে ইজিবাইক চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালকদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করতে হবে। নগরীর গুরুত্বপূর্ণ মোড় প্রশস্তকরণ ও যাত্রী ছাউনি স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে একটি সুন্দর, নিরাপদ, সুশৃঙ্খল ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা সমবায় কর্মকর্তা মোছা. নাছিমা খাতুন। এতে সভাপতিত্ব করেন ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার।
এ সময় রাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি ইমতিয়াজ আহমেদ মিছিল, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম রঞ্জু, যুগ্ম আহ্বায়ক রুমন শরীফ, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু, ২৬ নম্বর ওয়ার্ড (পূর্ব) বিএনপির সভাপতি মো. জামিল উদ্দিন, যুবনেতা বিপ্লব রহমান নাঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
