
রুয়েট প্রতিনিধি:
দেশের প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল ‘অ্যারো ভেনম’। নিজেদের তৈরি আকাশযান প্রকল্প ও ড্রোন প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে দলটি। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে তাদের ৬০ হাজার টাকার পুরস্কার দেওয়া হয়েছে।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন হয় গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএইউবি) লালমনিরহাট ক্যাম্পাসে। উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিযোগিতায় রুয়েটের দলটি উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দেয়। পুরস্কার হিসেবে দলটির হাতে ৬০ হাজার টাকার একটি ডেমো চেক তুলে দেওয়া হয়।
দলটির উপদেষ্টা হিসেবে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মাসুদ রানা। প্রতিযোগী দলের সদস্যদের মধ্যে ছিলেন ২০২০–২১ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তাকি তামিম ও ইমন চৌধুরী এবং যন্ত্রকৌশল বিভাগের মোহাম্মদ খুবায়েব ও মজনুরুল আলম। এ ছাড়া ২০২২–২৩ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের আব্দুল্লাহ আল মারযুক, নাইমুর আলম আশিক ও রাফি উদ্দীন সোহাগ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের নাবিল আজাদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইশতিয়াক আহমেদ ইমন অংশ নেন। ২০২৩–২৪ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের মাহমুদুল হাসান মেহরাজ ও তাহমিদ হাসান ফুয়াদও দলের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বর্তমানে বিভিন্ন বিভাগের প্রায় ১৫ জন শিক্ষার্থী নিয়ে দলটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা তরুণদের মেধা, সাহস ও সম্ভাবনা বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি তরুণদের উদ্ভাবনী কাজকে কেবল প্রতিযোগিতা বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে কৃষি, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণে ব্যবহারযোগ্য প্রযুক্তিগত সমাধান তৈরিতে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে চাকরির প্রত্যাশী হওয়ার পাশাপাশি উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে দক্ষ মানবসম্পদ তৈরি, গবেষণা সম্প্রসারণ এবং দেশীয় প্রযুক্তির বিকাশ প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন ও রোবোটিক্স প্রযুক্তিতে আগ্রহী তরুণদের জন্য প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবকদের নিজস্ব উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শনের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়বে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিশেষায়িত গবেষণাগার পরিদর্শন করেন। এ সময় অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবোটিক্স ও স্পেস প্রযুক্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গবেষণাগারের সুযোগ-সুবিধা, চলমান গবেষণা এবং এসব প্রযুক্তির অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন।
এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ৭৪টি দলের মোট ২৯৬ জন প্রতিযোগী চারটি বিভাগে অংশ নিচ্ছেন। বিভাগগুলো হলো—রোটরক্রাফট, ফিক্সড উইং, সকার বট ও স্পেস রোবোটিক্স। এর মধ্যে রোটরক্রাফটে ১৬টি দলের ৬৯ জন, ফিক্সড উইংয়ে ১৭টি দলের ৮০ জন, সকার বটে ৩৭টি দলের ১১৭ জন এবং স্পেস রোবোটিক্সে চারটি দলের ৩০ জন প্রতিযোগী রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, বিমান বাহিনী প্রধান, লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য, এএইউবির উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
আজ (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের কার্যক্রম ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শেষ হওয়ার কথা রয়েছে। আয়োজকদের মতে, এ আয়োজনের লক্ষ্য শুধু প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণ নয়; বরং মেধাবী তরুণ উদ্ভাবকদের খুঁজে বের করা, তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি এবং উদ্ভাবনী ধারণাকে গবেষণা ও বাস্তব প্রযুক্তির সঙ্গে যুক্ত করা। এর মাধ্যমে দেশের অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবোটিক্স ও মহাকাশ প্রযুক্তিতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন এবং নতুন শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে আয়োজক বিশ্ববিদ্যালয়।
