
নিজস্ব প্রতিবেদ :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত, চুরি প্রতিরোধ এবং দালালদের হয়রানি বন্ধে চালু করা হয়েছে পুলিশ বক্স ও বেসরকারি অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ দুটি সেবাকেন্দ্রের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম।
অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, চিকিৎসা নিতে দূরদূরান্ত থেকে আসা অসহায় রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি প্রতিরোধ এবং দালালদের হয়রানি থেকে সুরক্ষা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ ব্যবস্থার মাধ্যমে রোগীরা নিরাপদে ও নির্ধারিত ভাড়ায় অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন।
তিনি আরও বলেন, সেবাটি সহজ করতে একটি স্থায়ী সরকারি ফোন নম্বর চালু এবং সেখানে ট্রাফিক পুলিশের প্রতিনিধি নিয়োজিত রাখার পরিকল্পনা রয়েছে।
হাসপাতালের অভ্যন্তরে যানজট কমাতে সীমিত পরিসরে তিনটি অ্যাম্বুলেন্স রাখার অনুমতি দেওয়া হয়েছে। রোগী নামানোর পর অ্যাম্বুলেন্সগুলোকে হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান না করে নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বিকল্প পার্কিংয়ের জন্য টিবি পুকুর হাসপাতাল ও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের পশ্চিম পাশের খালি জায়গা ব্যবহারের প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে।
অ্যাম্বুলেন্স ভাড়া প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, আপাতত পূর্বনির্ধারিত ভাড়ায় সেবা চালু থাকবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় অ্যাম্বুলেন্স মালিক ও চালক সমিতির ভাড়া বৃদ্ধির আবেদন নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সময়োপযোগী ভাড়া নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ, আরএমপির ট্রাফিক বিভাগ এবং অ্যাম্বুলেন্স মালিক ও চালক সমিতির পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। রোগী ও সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো সমস্যা ভবিষ্যতেও আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহীর সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি, কলেজের অধ্যাপক এবং আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
