
শাহজাদপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া তিন মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার নগরডালা গ্রামে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমের টানে বাড়ি ছাড়ার কথা জানিয়েছে ওই তিন কিশোরী।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মনিজা খাতুন (১৫), সানজিদা (১৩) ও ফাতেমা (১৩)। তারা স্থানীয় মশিপুর মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই তিন শিক্ষার্থী। পরে সন্ধ্যা হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেন। এ ঘটনায় পৃথক তিনটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এরপর শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) এরশাদুল হক তদন্ত শুরু করেন। অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। একপর্যায়ে উপজেলার নগরডালা গ্রামের রাব্বি নামে এক যুবকের নানা মো. রমজান আলীর বাড়ি থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন কিশোরী প্রেমের টানে বাড়ি থেকে বের হওয়ার কথা জানিয়েছে। ২৭ নভেম্বর কথিত প্রেমিকদের সঙ্গে অজানা গন্তব্যে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। পরে নিখোঁজ সংক্রান্ত জিডির ভিত্তিতে উদ্ধার হওয়া তিন কিশোরীকে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
