রুয়েট প্রতিনিধি:
গবেষণাপত্র প্রকাশনা ও জার্নাল ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আন্তর্জাতিক মান বজায় রেখে জার্নাল প্রকাশনা প্রক্রিয়াকে আরও আধুনিক ও সহজ করতে অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন ও রিভিউ এবং ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (ডিওআই) নম্বর ব্যবস্থার চালু করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় রুয়েটের উপাচার্যের কনফারেন্স রুমে এ-সংক্রান্ত ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন।
অনুষ্ঠানে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক নতুন চালু হওয়া জার্নাল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সের (জিইএএস) ওয়েবসাইট এবং অনলাইন সাবমিশন ও রিভিউ সিস্টেমের কার্যক্রম সম্পর্কে উপাচার্য, উপ-উপাচার্যসহ সংশ্লিষ্ট শিক্ষকদের অবহিত করেন।
রুয়েটের নিজস্ব জনবল দিয়ে সম্পূর্ণ অটোমেশনভিত্তিক ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিবের সহযোগিতায় ওয়েবসাইটটি তৈরি করেন সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো. মনিরুল ইসলাম।
রুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে গবেষক ও শিক্ষার্থীরা কোনো ধরনের ম্যানুয়াল প্রক্রিয়া ছাড়াই অনলাইনে গবেষণাপত্র বা জার্নাল পেপার জমা দিতে এবং রিভিউ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। পাশাপাশি প্রকাশিত গবেষণাপত্রের জন্য ডিওআই নম্বরও গ্রহণ করা যাবে।
রুয়েটে প্রকাশিত জার্নালের ভলিউম-৯ পর্যন্ত ডিওআই নম্বরের প্রয়োগ করা সম্ভব হয়নি। তবে ভলিউম-১০ থেকে জিইএএস জার্নালে ডিওআই নম্বর ব্যবহারের কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে রুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম, ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. কামাল হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলাল হোসেন, ইউআরপি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল ওয়াকিল, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সজিব উদ্দিন, মানবিক বিভাগের অধ্যাপক ড. সায়লা আহমেদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব এবং সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
