আজ- বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনে আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে : স্বাস্থ্য উপদেষ্টা

by Prokash Kal

 

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য সরকারের একটা বরাদ্দ আছে, সেটা তারা পেয়ে যাবেন। যারা আহত হয়েছেন তাদের বিষয়ে সরকারের দায়িত্ব হচ্ছে তাদের সঠিক চিকিৎসাটা দেয়া। সেটা নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আহত তিনজনকে ইতোমধ্যে বিদেশে পাঠানো হয়েছে। আরো দুজনের কথা বলা হচ্ছে। এরপর আরো ২৫ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।

তিনি বলেন, ‘আমার দিক থেকে এবং মন্ত্রণালয়ের দিক থেকে যেটা সর্বোচ্চ প্রায়োরিটি পাচ্ছে সেটা হচ্ছে আহতদের চিকিৎসা।’

স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, স্বাস্থ্য খাতে নানা ধরনের বহুমুখী সমস্যা আছে। বিভিন্ন হাসপাতাল ক্লিনিকগুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের সংকট রয়েছে। যন্ত্রপাতির সংকট রয়েছে। অনেক জায়গায় এম আর আই মেশিন, এক্সরে মেশিন নষ্ট। এসব সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে।

এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: