আজ- বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পানি সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হলেন এমপি মিলন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

পানি সম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে অনুষ্ঠিত কার্যক্রমে তাঁকে কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় রাজশাহীসহ তাঁর নির্বাচনী এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং নদী রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ ও সেচব্যবস্থার উন্নয়নে নতুন গতি আসবে। রাজশাহী অঞ্চল দীর্ঘদিন ধরেই পদ্মা নদীর ভাঙন, নদী খনন, পানি সংরক্ষণ এবং সেচসুবিধা সম্প্রসারণের মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি। স্থানীয়দের বিশ্বাস, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে এসব বিষয়ে জাতীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন মিলন এমপি।

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন বলেন, “পানি সম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনকে আন্তরিক অভিনন্দন জানাই। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা এবং নদী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে রাজশাহী অঞ্চলের নদীভাঙন, সেচ ও পানি ব্যবস্থাপনা–সংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে। তাঁর সফল নেতৃত্বে জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছি।”

নবনির্বাচিত সভাপতি অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, “পানি সম্পদ দেশের অর্থনীতি, কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করব। নদী রক্ষা, টেকসই পানি ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করব। রাজশাহীসহ দেশের সব অঞ্চলের মানুষের ন্যায্য পানি-সংক্রান্ত চাহিদা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সচেষ্ট থাকব। জনগণের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষাই হবে আমার দায়িত্ব পালনের মূল লক্ষ্য।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পানি সম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় জাতীয় পর্যায়ে রাজশাহীর প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর তদারকি ও নীতিগত ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: