
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কোম্পানির নকল লেবেল ও লোগো ব্যবহার করে ভেজাল ওষুধ মজুত ও বাজারজাত করার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ আরিফ আলী (২৮) রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছী গ্রামের আক্কাশ আলীর ছেলে। এছাড়াও এ ঘটনায় তার সঙ্গে আরও ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ বোয়ালিয়া থানার কয়েরদারা এলাকায় ভূমি অফিসের সামনে তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে মোঃ আরিফ আলীকে আটক করে।
অভিযানকালে ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ৫৭৫টি ছোট কাচের অ্যাম্পুল (Emistat 8mg/4ml লেখা লেবেলযুক্ত), ২০৩টি লেবেলবিহীন বাদামি রঙের কাচের অ্যাম্পুল, ২৫টি কাচের অ্যাম্পুল (NEOPENEM Injection Meropenem USP 1g লেখা লেবেলযুক্ত), ৮০০টি লেবেলবিহীন সাদা কাচের অ্যাম্পুল (ডিস্ট্রিলড ওয়াটার ভর্তি) এবং ৫০টি নকল লেবেল (Oricef, Ceftriaxone USP 1g, 1g IV লেখা) উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
