
এইচ এম হেলাল, বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনায় ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে জুই (১৫) নামে মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার (১৬ আগস্ট) বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বেড়াতে আসা জুই তার কয়েকজন বান্ধবীকে নিয়ে পায়রা নদীতে গোসল করতে নামে। নদীতে স্রোত ও উত্তাল পানি থাকায় একপর্যায়ে জুই পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
খবর পেয়ে বরগুনা সদর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের সদস্যরাও অভিযানে যোগ দেন। দুই ইউনিটের যৌথ উদ্যোগে নিখোঁজ শিক্ষার্থী জুইকে উদ্ধারে অভিযান চলছে।
