
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শাহজাদপুর উপজেলা চত্বর থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর শাহজাদপুর উপজেলা পরিষদের হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, পৌর ভূমি কর্মকর্তা ফরিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, শাহজাদপুর উপজেলার সাবেক পৌর সভাপতি ইমদাদুল হক নওশাদসহ বিভিন্ন এলাকার প্রান্তিক মৎস্য চাষিরা।
আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, মাছ আমাদের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। তাই মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে চায়না দুয়ারি ও কারেন্ট জালের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি এসব অবৈধ জালের ব্যবহার বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় পৌর ভূমি কর্মকর্তা ফরিদুল ইসলাম, সাবেক পৌর সভাপতি ইমদাদুল হক নওশাদ ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আলমামুন,সাংবাদিক আব্দুল্লাহ আল মামুদ সহ অন্যান্য বক্তারা মৎস্যসম্পদ সংরক্ষণ, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং মৎস্যজীবীদের উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায়ের প্রান্তিক ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
