
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপন ও পরিচালনা নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে মতবিনিময় করেছে ড্রিংকওয়েল।
মঙ্গলবার (১৮ আগস্ট) নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিনহাজ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে নগরীর বিভিন্ন স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপনের সম্ভাব্য স্থান নির্বাচন, বুথ স্থাপন ও পরিচালনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মাধ্যমে নগরবাসীর জন্য সহজলভ্য, নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নগরীর বিভিন্ন স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সহজে ও সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানি পাওয়ার সুযোগ পাবেন। নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময়ে ড্রিংকওয়েলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইমতিয়াজ মহসিন, ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আব্দুস সাত্তার, সহকারী ব্যবস্থাপক আমিনুল ইসলাম ও রাজশাহী প্রজেক্ট কো-অর্ডিনেটর মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাসিকের সচিব সোহেল রানা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন উপস্থিত ছিলেন।
