
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার ও মতিহার থানা–পুলিশ। এসব ঘটনায় তিনজনকে মাদক ব্যবসায়ী এবং একজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর রাত পৌনে একটার দিকে কর্ণহার থানা–পুলিশ কুপেরহাট এলাকায় অভিযান চালায়। এ সময় তালুকধর্মপুর গ্রামের তুহিন হাবিবের ছেলে মো. আল আমিনকে (১৯) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের মৃত সাজ্জাদের ছেলে মো. তোতা (৪৫) পালিয়ে যান। পরে তাঁর ফেলে যাওয়া আরও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তোতার বিরুদ্ধে কর্ণহার থানায় দুটি মামলা রয়েছে।
এ ছাড়া রাত পৌনে দুইটার দিকে তেতুলিয়া হাওয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. অনিক আলীকে (২৩) মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। পরে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, ২৯ সেপ্টেম্বর রাত পৌনে নয়টার দিকে মতিহার থানা–পুলিশ কাজলা এলাকায় অভিযান চালিয়ে মো. সুজনকে (৪০) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, সুজনের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি ও পেনাল কোডে একটি মামলা রয়েছে।
এ ছাড়া ৩০ সেপ্টেম্বর রাত দুইটার দিকে ডাশমারী গ্রামের সালাউদ্দিন ওরফে সজিবের (২৮) বাড়িতে অভিযান চালায় মতিহার থানা–পুলিশ। এ সময় সজিবকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক তোতাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
