
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর ঐতিহাসিক কালেক্টর খেলার মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এলাকা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ VPL-এর ১৩তম আসরের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ভাটাপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই মেগা ফাইনালে মুখোমুখি হয় কোকো স্মৃতি ক্লাব ও ফ্রেন্ডস এম্পায়ার।
ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ফ্রেন্ডস এম্পায়ার। ব্যাট করতে নেমে কোকো স্মৃতি ক্লাবের অধিনায়ক মো. জিমুর নেতৃত্বে দল নির্ধারিত ওভারে ১৪০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায়।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ফ্রেন্ডস এম্পায়ার। প্রথম ওভারেই মাত্র ১ রান তুলে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট হারায় দলটি। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। রোমাঞ্চকর ম্যাচের শেষ বলে জয়ের জন্য ৫ রান প্রয়োজন হলেও লক্ষ্য ছুঁতে ব্যর্থ হয়ে রানার্সআপ হয় ফ্রেন্ডস এম্পায়ার। চমৎকার পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয় কোকো স্মৃতি ক্লাব।
খেলা শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব ইঞ্জি. মো. আরিফুজ্জামান সোহেল, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মিজান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বজলুর রহমান কচি ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, রাজপাড়া থানা যুবদলের সভাপতি মো. শাহানুর ইসলাম মিঠুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটাপাড়া যুব সংঘের সভাপতি মো. নাসির উদ্দিন।
প্রতিযোগিতামূলক ও রোমাঞ্চকর এই আয়োজন ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
