
মোঃ শাহান আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও এর প্রসারের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বেলুন ও পায়রা অবমুক্ত করে দিবসটির উদ্বোধন করেন শাহজাদপুর চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সিভিল জজ মোঃ শানু আকন্দ এবং থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
উদ্বোধনের পর চৌকি আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি চক্ষু হাসপাতাল, কাঁচা বাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র কাচারী বাড়ির সামনে দিয়ে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে আইনজীবী ভবন কক্ষে “সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দীন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আর্থিক অসচ্ছলতা ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে অনেকেই বিচার পেতে ব্যর্থ হন। এ ধরনের মানুষের জন্য সরকার আইনগত সহায়তা নিশ্চিত করতে আইনগত সহায়তা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। তিনি আরও উল্লেখ করেন, ২০১৩ সাল থেকে প্রতিবছর ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে আসছে।
সভায় স্বাগত বক্তব্য দেন লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য সচিব ও সিনিয়র সিভিল জজ মোঃ শানু আকন্দ। তিনি দিবসটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, আইনজীবী সমিতির আহ্বায়ক মোঃ আফতাব উদ্দিন, অতিরিক্ত পিপি কে এম রায়হান উদ্দিন, সহকারী পিপি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আইনজীবী একেএম মতিয়ার রহমান, আনোয়ার হোসেন, ফরিদা আক্তার জাহানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবীবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, মানবাধিকার সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
