আজ- সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে সুতার দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ ১, ৭০ লাখ টাকার ক্ষতি

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে গভীর রাতে একটি সুতার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের এক কর্মচারী দগ্ধ হয়েছেন। মালিক পক্ষের দাবি, আগুনে প্রায় ৭০ লাখ টাকার সুতা পুড়ে গেছে।

রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর বাজারের কাকলী মার্কেটে মো. হোসাইনের মালিকানাধীন ঋতু ট্রেডার্স নামের সুতার দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দোকানের ভেতরে থাকা কর্মচারী কামাল (৪০) দগ্ধ হন।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ঋতু ট্রেডার্সের দোকান থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের সহায়তায় দগ্ধ কর্মচারী কামালকে দোকান থেকে উদ্ধার করে প্রথমে পিপিডি ট্রাস্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকের স্বজনেরা জানান, রাতে কর্মচারী কামাল দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার সময় তিনি দগ্ধ হন। তাদের দাবি, অগ্নিকাণ্ডে দোকানে থাকা প্রায় ৭০ লাখ টাকার সুতা সম্পূর্ণ পুড়ে গেছে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. পারভেজ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। আশপাশে পানির কোনো উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়। পরে আরও একটি ইউনিটের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ তদন্তের পর জানা যাবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: