আজ- রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার, সাইবার সন্ত্রাসীদের শনাক্তে কাজ করছে পুলিশ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের সামাজিক ও পেশাগত মর্যাদা ভূলুণ্ঠিত করতে ভার্চুয়াল জগতে সংঘবদ্ধ সাইবার সন্ত্রাসীদের অপতৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের আড়ালে পরিচয় গোপন রেখে সাংবাদিকদের ছবি ও অসত্য তথ্যের সমন্বয়ে মানহানিকর অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় গণমাধ্যম সমাজ।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করার অপপ্রয়াসে লিপ্ত এই কুচক্রী মহলের বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তিমূলক আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে।

এই সুপরিকল্পিত সাইবার আগ্রাসন ও চরিত্রহননের ঘটনায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগের তথ্যমতে, ফেসবুকের বিভিন্ন ছদ্মনামী পেজ ও সন্দেহভাজন আইডি ব্যবহার করে একটি চিহ্নিত অপশক্তি দীর্ঘদিন ধরে গণমাধ্যমকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ণের চক্রান্ত চালিয়ে আসছে। বিশেষ করে ‘গোপন তথ্য উদ্‌ঘাটন’, ‘এখনই সময়’, ‘রাজশাহী দিনকাল’, ‘মাসুদ আলী পুলক’ এবং ‘CRIME NEWS’ নামের প্ল্যাটফর্মগুলো থেকে পেশাদার সাংবাদিকদের ব্যক্তিগত ছবি যুক্ত করে নির্জলা মিথ্যা, কাল্পনিক ও কুরুচিপূর্ণ মনগড়া বয়ান ছড়িয়ে দেওয়া হচ্ছে।

গত ১৯ সেপ্টেম্বর বোয়ালিয়া থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরিতে ভুক্তভোগী সাংবাদিক আবু হাসান মোঃ গোলাম মোস্তফা ছাড়াও রাজশাহী প্রেসক্লাবের সদস্য রাজিব আলী রাতুল, রাফি, পাঠাগার সম্পাদক মোঃ সুরুজ আলী এবং সাধারণ সদস্য মাজহারুল ইসলাম চপলকে লক্ষ্যবস্তু বানিয়ে ধারাবাহিক মানহানিকর প্রচারণার সুনির্দিষ্ট অভিযোগ নথিভুক্ত করা হয়। অভিযোগে আরও উল্লেখ রয়েছে, প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্তদের সার্বিক ডিজিটাল তথ্য-উপাত্ত সংগ্রহ ও ভবিষ্যতের সার্বিক আইনি সুরক্ষার স্বার্থেই বিষয়টি থানা রেকর্ডে রাখা হয়েছে। সংগৃহীত ডিজিটাল ফুটপ্রিন্ট ও ফরেনসিক প্রমাণাদি সমন্বিত করার প্রক্রিয়া শেষ হলেই সংশ্লিষ্ট সাইবার সুরক্ষা ও প্রচলিত ফৌজদারি আইনের আওতায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

এদিকে থানায় আইনি প্রক্রিয়া শুরুর পর থেকে চক্রটির অপতৎপরতা বন্ধ হওয়ার বদলে আরও বেপরোয়া রূপ ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর সবুর, সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন, রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় দপ্তর সম্পাদক মোঃ সুরুজ আলী, রাজশাহী প্রেসক্লাবের সদস্য ও মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার এবং সাংবাদিক বিশালসহ একাধিক জ্যেষ্ঠ ও মাঠপর্যায়ের সাংবাদিকদের বিরুদ্ধে নতুন করে কুরুচিপূর্ণ প্রচারণা শুরু হয়েছে।

ভুয়া পরিচয়ের আড়ালে সাংবাদিকদের হেনস্তা করার এহেন অপচেষ্টায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর সবুর বলেন, সমাজের অসঙ্গতি ও অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। সেই সত্য প্রকাশে ভীত হয়ে একটি কুচক্রী মহল সাংবাদিকদের চরিত্রহননের হীন পথ বেছে নিয়েছে। ফেক আইডির পেছনে লুকিয়ে থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই, দ্রুতই এদের নেপথ্যের কুশীলবদের শনাক্ত করে আইনের মুখোমুখি করা হবে।

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন ক্ষোভ প্রকাশ করে জানান, সাংবাদিক সমাজকে ব্ল্যাকমেইল বা ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা কোনোভাবেই সফল হবে না। সাইবার তদন্ত বিশেষজ্ঞদের মাধ্যমে প্রতিটি আইডির ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্ত করার কাজ চলছে এবং নেপথ্যের ইন্ধনদাতাদের মুখোশ খুব দ্রুতই জনসমক্ষে উন্মোচন করা হবে। অবিলম্বে এই চক্রকে আইনের আওতায় না আনা হলে উদ্ভূত ক্ষোভ থেকে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন হুঁশিয়ারি দিয়ে বলেন, ফেক আইডি ও নামসর্বস্ব পেজ দিয়ে সাংবাদিকদের সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা সরাসরি ফৌজদারি অপরাধ। পুলিশ প্রশাসনের সাইবার ক্রাইম ইউনিটকে জরুরিভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিয়ে এই নোংরা চক্রান্তের ইতি টানতে হবে। অন্যথায় সাংবাদিকদের আত্মমর্যাদা ও পেশাগত অধিকার রক্ষায় রাজশাহীর গণমাধ্যমকর্মীরা কঠোর রাজপথের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র এবং উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জিডি গুলো নিয়ে কাজ করছে। সাইবার আইন এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: