
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহী নগরীতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর রেলগেট এলাকায় তিনি নগরবাসীর মধ্যে এসব লিফলেট বিতরণ করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।
লিফলেট বিতরণকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকর্তা (মনিটরিং) জুবায়ের হোসেন মুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেটে এডিস মশার বিস্তার রোধে বাড়ির ভেতর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, বিভিন্ন কনটেইনার, টিনের কৌটা, ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের নিচে বা আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া দিনে ও রাতে বিশ্রাম বা ঘুমানোর সময় মশারি ব্যবহারের পাশাপাশি গর্ভবতী নারী, নবজাতক, শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়।
লিফলেটে আরও বলা হয়েছে, ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ নগর স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা এবং আক্রান্ত হলে পর্যাপ্ত পানি ও অন্যান্য তরলজাতীয় খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
