
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করেছে শাহজাদপুর থানা পুলিশ। পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (২৯ জুন) সকালে শাহজাদপুর থানা চত্বরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ২২৪ পিস অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে উপজেলার বাঘাবাড়ি পশ্চিমপাড়া এলাকায় একটি পিকআপে করে অবৈধ চায়না দুয়ারি জাল পরিবহন করা হচ্ছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পিকআপটি আটক করেন। খবর পেয়ে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পিকআপসহ জালগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, জব্দ করা ২৮টি বস্তার মধ্যে মোট ২২৪ পিস অবৈধ চায়না দুয়ারি জাল পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, চায়না দুয়ারি জাল উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জাল পার্শ্ববর্তী এলাকার কারখানায় তৈরি করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। গত সপ্তাহেও পুলিশের জব্দ করা বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়েছিল।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণে নিয়মিত নদ-নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি কোথাও অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার বা পরিবহনের তথ্য পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে জানাতে আহ্বান জানান
