আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ২৮ জুন থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ঘোষণা

by Prokash Kal
২৫ views

নিজস্ব প্রতিবেদক
আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী মহানগরীতে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনের মাধ্যমে মহানগরীর ৬৬ হাজার ৩৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, শিশুমৃত্যুর ঝুঁকি হ্রাস এবং অপুষ্টি প্রতিরোধে ভিটামিন ‘এ’ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় জানানো হয়, ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহানগরীর ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি ওয়ার্ড কার্যালয়গুলোতে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

লক্ষ্যমাত্রা অনুযায়ী, ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ৬৬ হাজার ৩৯৫ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম ক্যাম্পেইনের সার্বিক পরিকল্পনা তুলে ধরে বলেন, কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য ৩৮৪টি কেন্দ্রে দুইজন করে মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হবে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, তথ্য অফিস, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: