
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন ইউনিট। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতজনকে মাদক বিক্রির অভিযোগে এবং একজনকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে মোট ৮৫টি ইয়াবা ও ৪১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ২৫০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি স্কুটি জব্দ করা হয়েছে।
আরএমপি সূত্রে জানা গেছে, ৮ ও ৯ আগস্ট মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাটাখালী, চন্দ্রিমা ও কর্ণহার থানা-পুলিশ পৃথক এসব অভিযান পরিচালনা করে।
৯ আগস্ট রাত সাড়ে আটটার দিকে ডিবির একটি দল মতিহার থানার ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৪৭) ও সিজান আলী (২৩) নামের দুজনকে গ্রেপ্তার করে। পরে রফিকুলের বসতবাড়িতে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সিজানের কাছ থেকেও চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এর আগে ৮ আগস্ট রাত সোয়া ১১টার দিকে বোয়ালিয়া থানার রানীনগর গ্রামের অলোকার মোড় এলাকায় অভিযান চালিয়ে তপু চন্দ্র দাস (৩৮) ও রাহাদ আহমেদ ওরফে রাফি (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের কাছ থেকে ৩১টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১ হাজার ২৫০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় মোবাশ্বের হাবিব ওরফে দিপ্ত (২৮) ও অন্তু (৩৫) নামের দুজন পালিয়ে যান। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্তু’র বসতবাড়িতে অভিযান চালিয়ে মোবাশ্বের হাবিবকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তপু চন্দ্র দাসের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি এবং রাহাদ আহমেদের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।
অন্যদিকে, ৯ আগস্ট রাত পৌনে নয়টার দিকে কাটাখালী থানার পুলিশ শ্যামপুর আবহাওয়া অফিসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তালহা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্কুটি জব্দ করা হয়েছে।
ওই রাতেই পৌনে ১০টার দিকে চন্দ্রিমা থানার পুলিশ মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে টুটুল ইসলাম (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর বসতবাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে ৯ আগস্ট সকাল পৌনে ১১টার দিকে কর্ণহার থানার পুলিশ স্বরমংলা গ্রামের একটি বাড়ির খোলিয়ানে অভিযান চালিয়ে সোহেল রানা (৩৭) নামের এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
