আজ- রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে ভাতিজার বাড়িতে বিয়ের দাবিতে প্রবাসীর স্ত্রীর অনশন 

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসী স্বামীর স্ত্রীর সঙ্গে ভাতিজার কথিত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রথমে ভাতিজা আপন চাচিকে ব্ল্যাকমেইল করেই তাকে প্রেমের ফাঁদে ফেলেন।এখন ভাতিজাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে তাঁর বাড়িতে অনশন শুরু করেছেন দুই সন্তানের জননী ওই নারী। এদিকে ভাতিজা মো. আকাশ হোসেন প্রায় সাড়ে ৪ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ করেছেন ওই নারী।

অভিযুক্ত আকাশ হোসেন শাহজাদপুর পৌর শহরের পাড়কোলা গ্রামের প্রবাসী আমানত হোসেনের ছেলে এবং কলেজপড়ুয়া শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী দীর্ঘ প্রায় নয় বছর ধরে প্রবাসে অবস্থান করছেন। এ সময়ের মধ্যে চাচী-ভাতিজার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়দের দাবি। বিষয়টি নিয়ে এর আগেও সালিশে তাঁদের অর্থদণ্ড দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

অনশনে থাকা ওই নারীর দাবি, আকাশ হোসেন দীর্ঘদিন ধরে তাঁকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার বছর ধরে তাঁদের সম্পর্ক চলছিল। তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে আকাশ তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন এবং বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে মোট প্রায় সাড়ে ৪ লাখ টাকা নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

ওই নারী আরও বলেন, আকাশকে বিয়ে করার আশায় তিনি প্রায় এক বছর আগে গোপনে তাঁর প্রবাসী স্বামীকে তালাক দেন। তবে স্বামী প্রবাসে থাকায় বিষয়টি তাঁকে জানানো হয়নি বলে দাবি করেন তিনি। পরে আকাশ তাঁকে বিয়ে না করে বাড়ি থেকে চলে যান।

তিনি বলেন, “আমি আকাশকে ভালোবেসে স্বামীকে তালাক দিয়েছি। এখন আকাশ আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিক—এটাই আমার দাবি। সে যদি আমাকে স্ত্রীর মর্যাদা না দেয়, তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব।”

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আকাশ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও অর্থ লেনদেনের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ সমাধানের দাবি জানিয়েছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: