আজ- রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ২ জন গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় অপর একজনের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও বেটিং অ্যাপ জব্দ করা হয়েছে।

 শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে নগরের চন্দ্রিমা থানার আসাম কলোনির বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসাম কলোনির মৃত রফিজ উদ্দিনের ছেলে মো. মিজান (৩৩) এবং একই এলাকার রবের মোড় গ্রামের মো. জসিমের ছেলে মো. সজিব হোসেন জেমি (২৭)।

পুলিশ জানায়, মিজানের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে চারটি ইয়াবা ও ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, সজিবের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি বেটিং অ্যাপসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সজিব দীর্ঘদিন ধরে মিজানের সহযোগী হিসেবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

আরএমপি সূত্রে জানা গেছে, মিজানকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মহানগর পুলিশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির (পেনাল কোড) বিভিন্ন ধারায় মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলায় বিভিন্ন সময়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

এ ছাড়া সজিবের বিরুদ্ধেও আরএমপির দামকুড়া থানায় একটি মাদক মামলা এবং চন্দ্রিমা থানায় দণ্ডবিধির একটি মামলা রয়েছে। ওই দুই মামলায় তাঁকে ২০২২ ও ২০২১ সালে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি সজিবের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: