
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারায় ১৪ লিটার চোলাই মদ ও ১ দশমিক ৭৮৫ কেজি গাঁজাসহ অলড্রিন কুমার (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বাগমারা উপজেলার হাটগাংগুপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্ব পাশে অলড্রিন কুমারের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫–এর সিপিএসসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অলড্রিন কুমারকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১৪ লিটার চোলাই মদ, ১ দশমিক ৭৮৫ কেজি গাঁজা ও একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়।
গ্রেপ্তার অলড্রিন কুমার বাগমারা উপজেলার হাটগাংগুপাড়া এলাকার অনিল কুমারের ছেলে।
এসআরবি-৫ জানিয়েছে, এ ঘটনায় অলড্রিন কুমারের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
