
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণের দায়ে যমুনা টেক্সটাইল লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদুল ইসলাম। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ শাহিন আলম।
অভিযানে কারখানার ইটিপির সক্ষমতা উৎপাদিত তরল বর্জ্যের তুলনায় কম থাকায় দূষণের বিষয়টি ধরা পড়ে। একই সঙ্গে আগামী চার মাসের মধ্যে ইটিপি সংস্কার ও বর্ধিত করে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। বর্জ্য নির্গমনে ব্যবহৃত একটি বাইপাস লাইনও অপসারণ করা হয়েছে।
নির্ধারিত সময়ে ইটিপি কার্যকর করতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। অভিযানে শাহজাদপুর থানা পুলিশ সহযোগিতা করে।
