
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী মহানগরী আমাদের সবার। এই নগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব।”
তিনি বলেন, অবসরপ্রাপ্ত কর্মচারীরা দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নগরবাসীর সেবা করেছেন। সিটি কর্পোরেশনের উন্নয়ন ও নাগরিকসেবায় তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কর্মজীবনে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের সচিব সোহেল রানা। বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী কল্যাণ তহবিলের সভাপতি শেখ মো. মামুন ডলার, অবসরপ্রাপ্ত ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব খোকন এবং রাসিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মাকু। স্বাগত বক্তব্য দেন বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এবং প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ।
এ সময় রাসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা উপস্থিত ছিলেন।
