আজ- , ,

রাজশাহীতে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

by Prokash Kal

 

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বিভাগীয় প্রশাসন, রাজশাহীর ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এ বইমেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে ৬ নভেম্বর পর্যন্ত।

আয়োজকেরা জানিয়েছেন, রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এ বইমেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকাশনী ও প্রতিষ্ঠানের মোট ৮৯টি স্টল থাকবে। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। সাপ্তাহিক ছুটির দিনে মেলা শুরু হবে বেলা ১১টা থেকে এবং চলবে রাত ৮টা পর্যন্ত।

২৯ অক্টোবর বিকেল ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার।

বইমেলা উপলক্ষে ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ‘শিশুর নৈতিকতা ও মানসিক বিকাশে শিশুসাহিত্যের ভূমিকা, তরুণ প্রজন্মের পাঠাভ্যাস বৃদ্ধিতে বইমেলার তাৎপর্য, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে রাজশাহী বিভাগের গ্রন্থাগারসমূহের ভূমিকা’ এবং ‘নজরুল বর্ষ: চিরায়ত নজরুল’ শীর্ষক আলোচনা সভা।

এ ছাড়া ‘সাহিত্যের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রবহমান ধারাতে রাজশাহী বিভাগ, দৈনন্দিন জীবনে এআই, তথ্যপ্রযুক্তি ও সাইবার সিকিউরিটি’ এবং ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিকীকরণ ও যুগোপযোগী সংস্কার ও ভাবনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন রয়েছে। এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হবে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
27 October 2026

রাজশাহীতে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

www.prokashkal.com |
/Prokashkal