
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি দল। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সহুবুল ইসলামকে তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তার সহুবুল ইসলাম শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত দোস মোহাম্মাদ হাজী।
এসআরবি জানায়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
