
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ১২০ জনের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে এসব সরঞ্জাম বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
ইউএনডিপি, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা) ও রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে বিজনেস কার্ট দেওয়া হয়। উপকারভোগীদের মধ্যে ১১৫ জন নারী ও ৫ জন পুরুষ।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই এসব সরঞ্জাম দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রকল্পের কার্যক্রম নগরীর ৩০টি ওয়ার্ডে সম্প্রসারণের চেষ্টা করা হবে।
তিনি বলেন, চাকরির আশায় বসে না থেকে বেকার তরুণ-তরুণীরা যেন নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন এবং তরুণদের উদ্ভাবনী উদ্যোগে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
রাসিক প্রশাসক আরও বলেন, উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সহায়তায় নগরীর দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন কার্যক্রম চলছে। এসব কার্যক্রম সম্প্রসারণে সিটি করপোরেশনের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রমের সঙ্গে ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হচ্ছে।
রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি অধ্যাপক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন। বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি।
অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে আসমা খাতুন, রেবা খাতুন ও ইয়াসমিন খাতুন জুথি তাঁদের অনুভূতি প্রকাশ করেন। তাঁরা বলেন, পাওয়া সরঞ্জামগুলো আয় ও জীবিকা নির্বাহের সুযোগ তৈরিতে সহায়ক হবে।
উল্লেখ্য, ইউএনডিপির তত্ত্বাবধানে ও রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় বাস্তবায়িত লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় গত এক বছরে ১২০ জন কর্মহীন নারী-পুরুষকে কম্পিউটার ও সেলাই বিষয়ে তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের স্বকর্মসংস্থানের সুযোগ তৈরিতে এসব সরঞ্জাম দেওয়া হয়েছে।
