
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত দেড়টার দিকে নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিসে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয় দুই যুবক ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় ভবনের নিচতলার রাস্তার পাশের জানালা ও কাচের ফিটিংস।
ঘটনার ভিডিও ফুটেজে দুই যুবককে ব্যাংক কার্যালয় লক্ষ্য করে বস্তু নিক্ষেপ করতে দেখা গেছে এ সময় তাদের স্লোগান দিতেও শোনা যায়।
শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী জানান, হামলায় ভবনের কিছু কাচ ভেঙে গেলেও ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ নথিপত্র ও সম্পদের কোনো ক্ষতি হয়নি। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
