
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির ১১ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে রজব আলী (২৫) ও সাগর আলী (২১) নামে দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় রজব আলীর হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে বোয়ালিয়া থানার দরিখরবোনা (কাদিরগঞ্জ) এলাকায় অভিযান চালিয়ে সাথী আক্তার (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করে ডিবি। তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১১ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোস্তাকুর রহমান সাজ্জাদ (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
