
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে হাফ ম্যারাথন আয়োজন শেষে সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে ব্যবহৃত পানির কাপ, খাবারের প্যাকেটসহ বিভিন্ন বর্জ্য। নগরীর মেহেরচন্ডি এলাকায় এমন চিত্র দেখা যাওয়ায় আয়োজকদের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা ও পরিবেশগত দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে।
রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হাফ ম্যারাথন শেষে বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখা যায় অসংখ্য পরিত্যক্ত পানির কাপ ও খাবারের প্যাকেট। বিশেষ করে দৌড়ের পথে পানির সরবরাহের জন্য নির্ধারিত হাইড্রেশন পয়েন্টগুলোর আশপাশে বর্জ্য ছড়িয়ে থাকতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি থেকেই এ চিত্র সামনে আসে।
খেলাধুলা ও শরীরচর্চায় মানুষকে উৎসাহিত করতে হাফ ম্যারাথনের মতো আয়োজন নিঃসন্দেহে ইতিবাচক। তবে এমন আয়োজন শেষে ব্যবহৃত স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আয়োজকদের পরিকল্পনার অংশ হওয়া জরুরি বলে মনে করছেন নগরবাসী।
আয়োজনের আগে দৌড়ের রুট, অংশগ্রহণকারীদের নিরাপত্তা, পানি ও খাবারের ব্যবস্থা করা হলেও অনুষ্ঠান শেষে বর্জ্য সংগ্রহ ও অপসারণের ব্যবস্থা কতটা ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি ক্রীড়া আয়োজনের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পাওয়ার কথা।
নগরবাসীর প্রশ্ন, ম্যারাথন শেষ হওয়ার পর সড়কে ছড়িয়ে থাকা এসব আবর্জনা পরিষ্কারের দায়িত্ব কার? আয়োজনের সক্ষমতা থাকলেও পরিচ্ছন্নতা নিশ্চিত করার উদ্যোগ কি যথাযথভাবে নেওয়া হয়েছিল?
রাজশাহীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশার মধ্যে এ ধরনের চিত্র হতাশাজনক। নগরীর সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় যেকোনো বড় আয়োজনের পর সংশ্লিষ্ট স্থান পরিষ্কার করা এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।
নগরবাসীর দাবি, রাজশাহী রানার্স কমিউনিটি অবিলম্বে সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কারের উদ্যোগ নেবে এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতাকে পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করবে।
খেলাধুলার আয়োজন হোক আরও বেশি, তবে সেই আয়োজন যেন নগরীর সৌন্দর্য ও পরিবেশের ক্ষতির কারণ না হয় এমন প্রত্যাশা রাজশাহীবাসীর।
