
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা, বোয়ালিয়া থানার উপ-শহর পুলিশ ফাঁড়ি এবং মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
অভিযানে মোট ১৫০ গ্রাম গাঁজা, ১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বেলপুকুর থানার ভড়য়াপাড়া (হানুর মোড়) গ্রামের মৃত বেরাস সরকারের মেয়ে মোছা: নাছিমা খাতুন ওরফে তুফানী (৫৫), সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার পশ্চিম মৌতলা গ্রামের মো: জিয়াদ আলী মোল্লার ছেলে মো: সাইফুল ইসলাম (৩২) এবং রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকার মো: ইনসানের ছেলে মো: ইমরান (৩০)।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেলপুকুর থানার ভড়য়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত তুফানীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া, রবিবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে বোয়ালিয়া থানার সপুরা কেন্দ্রীয় গোরস্তানের তিন রাস্তার মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সাইফুলের দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, সোমবার (২৯ ডিসেম্বর) মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ইমরানকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় একাধিক মামলা চলমান রয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সকল আসামিই বিক্রির উদ্দেশ্যে মাদক রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
