
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ প্রশাসন ক্যাডারের ৩৫তম বিসিএসের কর্মকর্তা সাবরিনা শারমিন কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত।
এর আগে বগুড়ার শেরপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে সরকারি জমি উদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ, মাদকবিরোধী অভিযান, ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সরকারি সেবার মানোন্নয়নে ভূমিকা রাখেন। পরবর্তীতে সোনাতলা উপজেলার ইউএনও হিসেবে সুশাসন প্রতিষ্ঠা, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্যও তিনি প্রশংসিত হন।
গত ৩০ এপ্রিল ২০২৬ শাহজাদপুর উপজেলার ইউএনও হিসেবে যোগদানের পর থেকে সরকারি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা, প্রশাসনিক জবাবদিহি, পরিচ্ছন্নতা কার্যক্রম, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, তিনি সাধারণ মানুষের কথা গুরুত্ব দিয়ে শোনেন, দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেন এবং আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে প্রশাসনিক কর্মকাণ্ডে গতি ও সেবার মান বৃদ্ধি পেয়েছে বলেও তারা মনে করেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভবিষ্যতেও সততা, দক্ষতা ও জনসেবার মনোভাব নিয়ে তিনি প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
