
এইচ এম হেলাল, বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন মৃধা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৮ আগস্ট) বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল হাইয়ের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স হেউলিবুনিয়া ৫ নম্বর ওয়ার্ডের দফাদার বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালান। এ সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন মৃধাকে আটক করা হয়।
গ্রেপ্তার সুমন মৃধা বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী এলাকার আব্দুর রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় মাদক, চাঁদাবাজি, অবৈধ দখলদারত্ব ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
