আজ- রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

সভায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষাসৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কয়েকটি অভিযোগ তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, রাজশাহী নগরের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি দীর্ঘদিন ধরে আরএমপিতে কর্মরত রয়েছেন বলেও অভিযোগ করেন সাইদুর রহমান।

এ ছাড়া বোয়ালিয়া থানার আওতাধীন ভুবনমোহন পার্ক এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর পরিচালনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও তিনি দাবি করেন। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সভায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জহুরুল নামের এক কারারক্ষীর বিরুদ্ধেও অভিযোগ তোলেন সাইদুর রহমান। তিনি অভিযোগ করেন, চাকরি দেওয়ার কথা বলে ওই কারারক্ষী এক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা, চেক ও স্ট্যাম্প নিয়ে আত্মসাৎ করেছেন। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় রাজশাহী মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: