আজ- বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৫০০ সাব ইন্সপেক্টরের শপথ গ্রহণ 

by Prokash Kal
views

নিজস্ব প্রতিবেদক:

নবনিযুক্ত সাব-ইন্সপেক্টরদের জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, সকল প্রকার ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত, সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (১৬ জুলাই) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর-২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, নতুন সাব-ইন্সপেক্টররা কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমান। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (লজিস্টিকস) শুভ কুমার ঘোষ।

এবারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে ক্যাডেট এসআই শাহরিয়ার হাসান সিজান ‘বেস্ট ক্যাডেট’, মো. সাইফুল ইসলাম ‘বেস্ট একাডেমিক’, তৌকির আহমেদ ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’, আশরাফুল ইসলাম ‘বেস্ট সুইমার’ এবং মো. কামরান শেখ ‘বেস্ট শুটার’ নির্বাচিত হন।

অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেষে আইজিপি সফল আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা ৫০০ জন ক্যাডেট সাব-ইন্সপেক্টরকে পরবর্তী দুই বছরের বাস্তব প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: