আজ- , ,

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী শাখা ছাত্রদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত ‘জিয়া ফুটবল টুর্নামেন্ট (সিজন-১)’-এর পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাত ৯টায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, রাজনৈতিক স্বার্থে অনেকে কোরআন-হাদিসের অপব্যাখ্যা ও বিকৃতি করেন। কিন্তু জাতীয়তাবাদী রাজনীতিতে কোরআন-হাদিসকে বিকৃত করার কোনো সুযোগ নেই। ধর্মীয় মূল্যবোধ ও দলীয় আদর্শকে ধারণ করেই রাজনীতি করতে হবে।

তিনি ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘রাজনীতি করতে হবে নিজের আদর্শ ও নীতিকে ধারণ করে। আমি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দের পাশে সব সময় আছি। তোমরা আদর্শ, দেশপ্রেম ও দায়িত্ববোধকে ধারণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করো।’

২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে রাসিক প্রশাসক বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ না পেলেও ২০২৪ সালের আন্দোলনে তাঁরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। ওই আন্দোলনে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হলে অনেক কিছুই পরিবর্তন করতে পারে—অতীতের আন্দোলন-সংগ্রামেও তার প্রমাণ রয়েছে।

রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহীদ জিয়া শিশুপার্ককে আধুনিক ও আকর্ষণীয় করে গড়ে তোলার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি পদ্মা নদীর মিডল চরকে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতামুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান থাকবে। যতদিন প্রয়োজন, ততদিন এ কার্যক্রম অব্যাহত রাখা হবে। একটি পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

অনুষ্ঠানে শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শৌরভ, সাধারণ সম্পাদক ওয়ালিউল কবির হৃদয়সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় ফ্যালকোন এফসি চ্যাম্পিয়ন এবং রয়েল ফনিক্স রানারআপ হয়। পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফিসহ অন্যান্য পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. মাহফুজুর রহমান রিটন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
29 August 2026

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

www.prokashkal.com |
/Prokashkal